Tech Fest, Vidyasagar University, ইনকিউবেশন সেন্টারের উদ্যোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘টেক ফেস্ট’-এর আয়োজন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মঙ্গলবার ইনকিউবেশন সেন্টারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘খোলা হাওয়া’ প্রাঙ্গনে ‘টেক-ফেস্ট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা, আইকিইএসি-র অধিকর্তা অধ্যাপক মধুমঙ্গল পাল, রিসার্চ অ্যান্ড ডেপলেপমেন্ট সেলের অধিকর্তা অধ্যাপক অজয় কুমার মিশ্র, পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন সেন্টারের কো- অর্ডিনেটর অধ্যাপক ব্রজগোপাল বাগ সহ বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষাবন্ধু ও শিক্ষার্থীরা।

উপাচার্য তাঁর উদ্বোধনী ভাষণে জানিয়েছেন, ‘সমাজকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের বিকল্প নেই। এই বিজ্ঞানের প্রসারের মাধ্যমেই সমাজের উন্নয়ন সম্ভব। তাই বিজ্ঞান মেলার আয়ােজন করে সবাইকে সচেতন করতে হবে। উৎসাহিত করতে হবে বিজ্ঞান মেলার আয়োজন করতে। এবং আমাদের প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক। বিজ্ঞানের আদর্শে সমাজ ও দেশ গড়তে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার ভূমিকায় ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা প্রিয়াঙ্কা হালদার। সংশ্লিষ্ট “টেক ফেস্টে” আই আই টি (খড়্গপুর), মেদিনীপুর, কলকাতা ও ব্যাঙ্গালোরের বহুবিধ সংস্থা ছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী- অধ্যাপক সকলে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞানের নব নব আবিষ্কার নিয়ে ৪০টিরও বেশি স্টলে সেজে উঠেছে খোলা হাওয়া প্রাঙ্গণ। সারাবছর নিয়মিত লেখাপড়ার মধ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। বৈচিত্র‍্যপূর্ণ এই অনুষ্ঠান শিক্ষার্থীদের যেমন আনন্দ দিয়েছে তেমনই বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিতও করেছে।

এপ্রসঙ্গে বিজ্ঞান অনুষদের মাননীয় অধ্যক্ষ জানিয়েছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এই ‘টেক ফেস্টে’-র বিশেষ গুরুত্ব বিদ্যমান। সেজন্য এর নিয়মিত আয়োজন হওয়া একান্ত প্রয়োজন।’ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা স্টলে নানারকম জিনিসের পসরা সাজিয়ে বসেছিল। ‘টেক ফেস্ট’ যে এত মনোরম হতে পারে তা আয়োজন না করলে বোঝা যেত না। শিক্ষার্থী- অধ্যাপক সকলেই তাদের নানারকম উপাত্ত নিয়ে হাজির হয়েছিল। অতি অল্প সময়ের মধ্যে তাদের তৈরি জিনিসপত্র আমাদের অবাক করেছে। সারাদিনই শিক্ষার্থী- অধ্যাপক- শিক্ষাবন্ধুদের সমাগমে টেক ফেস্ট ছিল উৎসবমুখর। তারা সকলেই উপস্থিত থেকে টেক ফেস্টে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছে ও নিজেরাও উপভোগ করেছে। এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগাতে পেরেছে। মেলার ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল, পরিবেশ ছিল আনন্দঘন।

ইনকিউবেশন সেন্টারের কোঅর্ডিনেটর অধ্যাপক ব্রজগোপাল মহাশয় জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা জরুরি। মেধার বিকাশ ঘটাতে বিজ্ঞানের বিকল্প নেই। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন সৃষ্টির লক্ষ্যে আমাদের এই ‘টেক ফেস্টে’-র আয়োজন।’ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি ইনকিউবেশন সেন্টারের কো- অর্ডিনেটর অধ্যাপক ব্রজগোপাল বাগ মহাশয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি সফল হয়েছে। আগামী দিনেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আরও অনুষ্ঠানের আয়োজন হবে বলে সকলেই আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *