রাজেন রায়, কলকাতা, ১৮ আগস্ট: কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী নিখোঁজ এই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন থানায়। আর এবার বেতন বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে নবান্নের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন শিক্ষকরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় তাদের। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা আজ নবান্নের সামনেই বিক্ষোভ দেখান। বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ছিল। তার ঠিক আগে নবান্নের সামনে হাইসিকিউরিটি জোনে কীভাবে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ।
আন্দোলনকারীদের অভিযোগ, টানা ৮ বছর ধরে এসএসকে এবং এমএসকে-র শিক্ষকদের কোনও বেতন বাড়েনি। বহুদিন ধরে সেই বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা আন্দোলন করছেন। জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভূক্তি, সমকাজে সম বেতন, শূণ্য পদে নিয়োগ সহ একাধিক দাবি রয়েছে তাঁদের। আগে কী ঘটেছে, এই দাবিতে আগেও বেশ কয়েকবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। সেইসময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের দাবিপূরণের আশ্বাসও দিয়েছিলেন বলে দাবি তাঁদের। কিন্তু তারপরও কোনও সুরাহা হয়নি বলে তাঁদের অভিযোগ।
এরপরেও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেখানেও সুরাহা না মেলায় গতকাল অর্থাৎ মঙ্গলবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘নিখোঁজ’ বলে পোস্টার দিয়ে থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয়।

