ছাত্রদের ভবিষ্যৎ চিন্তায় স্কুলের বাইরে খোলা জায়গায় ক্লাস নিচ্ছেন তমলুকের উত্তর ধলহরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জানুয়ারি: দীর্ঘদিন ধরে কোভিড পরিস্থিতিতে বন্ধ স্কুল। শহর এলাকার স্কুলগুলিতে অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রীরা সামিল হতে পারলেও গ্রামীণ এলাকার ছেলেরা সেই অনলাইন ক্লাস সামলাতে পারছে না। ফলে তারা পিছিয়ে পড়ছে। অনেক ছাত্র-ছাত্রী পড়া ছেড়ে দিয়েছে। বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পড়েছে অনেক ছাত্র। আবার অনেক ছাত্রীদের বিয়ে দিয়ে দিচ্ছে অভিভাবকরা। এই পরিস্থিতির কথা চিন্তা করে সরকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন স্কুলে ক্লাস নেওয়া চলছে।

তমলুক শহরের পার্শ্ববর্তী উত্তর ধলহরা হিন্দুবোর্ডের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের বাইরে ক্লাস শুরু করেছে স্কুলের শিক্ষকরা। একেকদিন একেকটি ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্লাস করাচ্ছেন শিক্ষকরা। রোজদিন না হলেও সপ্তাহে এক বা দু’দিন ক্লাস হওয়ায় যেমন খুশি ছাত্র ছাত্রীরা, তেমনি অভিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন এই ব্যবস্থাকে। এই ধরনের ক্লাসে কিছুটা হলেও স্কুলের আবহাওয়া ফিরে পেয়েছে ছাত্র-ছাত্রীরা। অভিভাবকরা চাইছেন যতদিন না স্কুল-কলেজ খুলছে ততদিন এই ভাবেই ছাত্র-ছাত্রীদের পড়ানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *