করোনা যুদ্ধে লড়তে চেয়ে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে চিঠি জঙ্গল মহলের সমাজসেবী শিক্ষক সুব্রত মহাপাত্রের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ মে: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া কৃষ্ণ চন্দ্র মেমোরিয়াল বিদ্যাপীঠের (উ:মা:) এর সহকারি প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোভিড সচেতনতা মূলক কর্মসূচিতে নিজেকে মুক্ত করতে চেয়ে চিঠি লিখলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষকে। তিনি চিঠিতে লিখেছেন এই মহামারিতে স্কুল কলেজ সব বন্ধ। মাসের ৬-৭ দিন মিড ডে মিলের চাল ডাল বিতরণ ও তার প্রস্তুতির জন্য স্কুলে যেতে হয় শিক্ষক শিক্ষিকাদের। অন লাইন ক্লাস চলছে ঠিকই তবে অনেক ক্ষেত্রেই আশাপ্রদ নয়।

সুব্রত মহাপাত্র জানান, তিনি একই স্কুলে প্রায় ২১ বছর শিক্ষাদানে ব্রতী রয়েছেন। শিক্ষাদানের পাশাপাশি এই কোভিড পরিস্থিতিতে ঘরে বসে না থেকে মানুষজনের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য বলে মনে করেন। সুব্রত মহাপাত্র এলাকার এক জনপ্রিয় মাস্টার মশাই। এর আগে তিনি থ্যালাসেমিয়া ও চোলাই মদ নিয়ে পোস্টার ছাপিয়ে সচেতনতামূলক অভিযান চালিয়েছেন একাধিক বার।

এ বিষয়ে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদী বলেন, মাস্টার মশাইয়ের এই প্রচেষ্টাকে স্যালুট জানাই। উনি কোনও সহযোগিতা চাইলে আমরা দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *