সাথী দাস, পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: বেকসুর খালাস। অবশেষে মুক্তি পেলেন গাঁজা পাচারের অভিযোগে ২০১৮ সালের ২৯ অক্টোবর থেকে জেলে বন্দি থাকা শিক্ষক শুভজিৎ মাহাত। জয়পুরের বাঁধডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুরুলিয়ার মফস্বল থানার চাষ মোড়ের বাসিন্দা শুভজিৎ। ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। ২০১৮ সাল থেকে বন্দি অবস্থাতেই ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার পুরুলিয়ার বিশেষ আদালতে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। শুভজিৎবাবুর আইনজীবী সোমনাথ রায়চৌধুরী বলেন, এদিন বিশেষ আদালত স্ব-সন্মানে সব অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিয়েছে।

পুরুলিয়া সংশোধনাগার থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরেন শুভজিৎ। সংশোধনাগারের বাইরে তাকে স্বাগত জানাতে ছিলেন পরিজনরা। মুক্তিতে অবশ্য এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি। শুভজিৎবাবু জানান “নো কমেন্টস।”

