করোনায় দুঃস্থ মানুষের সাহায্যে প্রতি মাসে নিজের বেতনের একাংশ দানের সিদ্ধান্ত শিক্ষক মৃণাল সিংহের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ মে:
অতিমারি করোনার কোপে আবারও সাধারণ দুঃস্থ গরিব মানুষ। তাদের সাহায্যার্থে এগিয়ে এলেন এক শিক্ষক। প্রতিমাসে বেতনের একাংশ দানের সিদ্ধান্ত রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ স্কুলের শিক্ষক মৃণাল সিংহের।

পেশায় শিক্ষক, নেশায় সমাজসেবক। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা হয়েও রাজ্যজুড়ে সামাজিক কাজকর্ম ছড়িয়ে দিয়েছেন তিনি। বস্তির শিশুদের নিয়ে পাঠশালা থেকে শুরু করে বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবেতেই রায়গঞ্জ শহরের পরিচিত নাম বীরনগরের বাসিন্দা মৃণাল কান্তি সিংহের। স্কুলে শিক্ষকতার কাজ না করেও বাড়িতে বসে থেকে প্রতিমাসে সরকারি বেতন পাচ্ছেন তিনি। এবার এলাকার গরিব দুঃস্থ মানুষদের সাহায্যার্থে তিনি তাঁর বেতনের ২০ শতাংশ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তিনি প্রতিমাসের বেতনের ২০ শতাংশ টাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষদের জন্য তুলে দিয়েছেন। এছাড়াও বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিলিও করছেন তিনি। কখনও গরিব মানুষের হাতে তুলে দিচ্ছেন আর্থিক সাহায্য। করোনা আক্রান্ত পরিবারগুলোর কাছে খাবার পৌঁছে দিচ্ছেন সময়মতো। রায়গঞ্জ তথা রাজ্যের সমস্ত শিক্ষক সম্প্রদায়ের কাছে তাঁর বার্তা আপনারাও এগিয়ে আসুন এই অতিমারি করোনা কালে নিজেদের সাধ্যমতো দান করতে। স্কুল শিক্ষক মৃণাল কান্তি সিংহের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *