জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: করোনায় আক্রান্ত হয়ে বুধবার মধ্যরাতে মেদিনীপুর শহরে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষকের নাম আশিস কর। মৃত্যুকালে বয়স হয়েছিল সাতান্ন বছর। তিনি মেদিনীপুর শহরের কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছিলেন। ৩১ আগস্ট তাকে শালবনি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আশিসবাবু ক্রমশ সুস্থ হয়ে উঠেছিলেন বলে বুধবার দুপুরে তাকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রাত ১১টা নাগাদ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে ফের অক্সিজেন দেওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যান। এরপর তিনি আর কোনও ভাবেই চিকিৎসায় সাড়া দিতে পারেননি। রাত একটা নাগাদ ওই শিক্ষকের মৃত্যু হয় বলে শালবনি করোনা হাসপাতাল সূত্রে জানাগেছে।

