সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৭ জুলাই:
কম্পিউটার ক্লাসে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কম্পিউটার শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার বিরা বল্লভপুর এলাকার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে।
ওই কম্পিউটার সেন্টারে গত দু’বছর ধরে কম্পিউটার শিখত এক কিশোরী ছাত্রী। শুক্রবার কম্পিউটার শিখতে গেলে ছাত্রীর সাথে অশ্লীল ব্যবহার করে এবং তাকে শ্লীতাহানি করা হয় বলে অভিযোগ পরিবারের। শুক্রবার ক্লাস শেষে বাড়িতে ফিরে গিয়ে ছাত্রী পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায়। এরপর পরিবারের লোকজন শিক্ষককে জিজ্ঞেস করতে গেলে শিক্ষক ও তার পরিবার ছাত্রীর পরিবারের সাথে খারাপ ব্যবহার করে এবং হুমকি দেয় বলে অভিযোগ।
শুক্রবার রাতেই ওই কিশোরীর পরিবারের তরফে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কম্পিউটার শিক্ষক শঙ্কর বল্লভকে বাড়ি থেকে গ্রেফতার করে অশোকনগর থানা। শনিবার পকসো আইনে মামলা রুজু করে বারাসত আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

