রাজেন রায়, কলকাতা, ৯ ফেব্রুয়ারি: বাস ধর্মঘটের পর এবার ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব চালকরা একযোগে ধর্মঘট ঘোষণা করলেন। কিলোমিটার প্রতি ২৫ টাকা বাড়ানোর দাবিতে এই ধর্মঘট বলে জানিয়েছে তাদের সংগঠন। জানুয়ারি মাসের শেষ দিকে বাস ধর্মঘট ঘোষণা করেও পরে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাথে পরপর দুটি বৈঠকের পর তা তুলে নেওয়া হয়। রাজ্য তাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করলে সেই পথে হাঁটতে পারেন ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব চালকরা, এমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, বহুদিন আগে হলুদ ট্যাক্সির ভাড়া বাড়ানো হলেও তারপর পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়ার পরেও রাজ্য বাড়তি ভাড়ার কথা ঘোষণা করেনি। ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসে ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহণ দফতর। ট্যাক্সি চালকদের দাবি, প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।
এই পরিস্থিতিতে কোনও ট্যাক্সিচালক নিজে থেকে বাড়তি ভাড়া চাইলে তা নিয়েও সমস্যা হচ্ছে, আবার অ্যাপ ক্যাব চালকদের ক্ষেত্রে রয়ে গিয়েছে সেই পুরনো ভাড়াই। অ্যাপ নির্দিষ্ট যে ভাড়া লকডাউনের আগে আসছিল, সেই ভাড়াউ এখনও নিতে হচ্ছে। হলুদ ট্যাক্সি চালকদের অবস্থাও ভাড়া নিয়ে কোনও হেলদোল নেই রাজ্যের। অন্যদিকে, নিত্যদিন ওলা উবের চালক ও মালিকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। এর প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বন্ধের ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটি ও অ্যাপ ক্যাব অপারেটর্স ইউনিয়ন।

