আমাদের ভারত, ১৯ জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী জোটের প্রার্থীকে টুইটারে পরোক্ষে ব্যঙ্গ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তথাগতবাবু লিখেছেন, “এই নির্বাচনে রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হবেন, কে হেরে যাবেন তা একটি শিশুও জানে।
তিনি লিখেছেন, বিরোধী পক্ষের চতুর্থ পছন্দের প্রার্থী পদলোভী দলবদলুর উচিত সম্ভ্রমের সঙ্গে হার স্বীকার করে নেওয়া। তা না করে সস্তা ভাঁড়ামো করেই চলেছেন! খানিকটা স্বভাব, খানিকটা সঙ্গদোষ!
প্রসঙ্গত, সোমবার শান্তিপূর্ণ ছিল দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন এনডিএ-র দ্রৌপদী মুর্মু ও বিরোধী জোটের যশবন্ত সিনহা। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ। বিকেল পাঁচটা শেষ হয় ভোট গ্রহণ। ভোটপর্ব ছিল শান্তিপূর্ণ। সংসদে ভোট পড়ে ৯৮.৯ শতাংশ। ফল প্রকাশ হবে আগামী ২১ জুলাই। রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই।

