জয় শ্রীরাম ধ্বনিকান্ডে মুখ্যমন্ত্রীকেই দোষী সাব্যস্ত করলেন তথাগত রায়

আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনিকান্ডে মুখ্যমন্ত্রীকেই দোষী সাব্যস্ত করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “অনুষ্ঠানের ভিডিওতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার স্লোগান দিতে বারণ করছেন। এরকম অনুষ্ঠানে দলীয় সমর্থক থাকবেই এবং তারা উল্টোপাল্টা চেঁচাতেও পারে। তাদের আচরণও অবশ্যই হতাশাব্যঞ্জক। কিন্তু মুখ্যমন্ত্রী যদি নিজেকে তাদের স্তরে নামিয়ে আনেন তাহলে বলার কিছু নেই।”

তৃণমূল সমর্থক তৃষা দ্বারী টুইটারে লিখেছেন, “মতামত যদি নিরপেক্ষ দিতেন, তাহলে হয়তো কিঞ্চিৎ গ্রহনযোগ্য হতে পারতো আপনার বক্তব্য। কিন্তু আপনার লেখা পড়ে মনে হলো, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করবার জন্যই লিখছেন আপনি, ওনার রেগে যাওয়া হতাশাজনক, আর কাদের আচরণ মনে হলো আশাব্যঞ্জক? সেটা কিন্তু এড়িয়ে গেলেন, সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগান।”

জবাবে তথাগতবাবু লিখেছেন, “মুখ্যমন্ত্রীকে কটাক্ষ না করার কোনো কারণ আছে কি?
যে পশ্চিমবঙ্গ সমস্ত সমস্যা সত্ত্বেও দেশের প্রথমে ছিল তাকে নীচে নামিয়ে এনেছে এই মুখ্যমন্ত্রীর সরকার আর তাদের গুরুঠাকুর সিপিএম! তবে চুরি আর রাজনৈতিক নরহত্যা বাদে, এই দুটোতে পশ্চিমবঙ্গ এখনো উপরে!”

প্রসঙ্গত, শুক্রবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়৷ এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন ৷ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এই ঘটনা ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *