মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশে বিস্ময়, বাগুইআটি-কাণ্ডে তোপ তথাগত রায়ের

আমাদের ভারত, কলকাতা, ৮ সেপ্টেম্বর: বাগুইআটি-কাণ্ডে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন তথাগত রায়। তার বক্তব্য, এই দায়িত্ব তো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। জবাবদিহিত তাকেই করতে হবে। আর তিনি নাকি বিস্ময় প্রকাশ করছেন!

বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “কিমাশ্চর্যম ! দুই কিশোরের বীভৎস মৃত্যুতে এবং পুলিশের গাফিলতিতে তো মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীরই রাজ্যবাসীর কাছে জবাবদিহি করার কথা, ক্ষমা চাইবার কথা! সেখানে তিনিই নাকি ‘ক্ষোভ উগরে দিচ্ছেন’। আর তার সঙ্গে তাল মেলাচ্ছেন মুখ্যমন্ত্রীর ফেউরা!

কেন পুলিশের এই গাফিলতি? এর মূল কারণ মুখ্যমন্ত্রীরই পুলিশকে তার গৃহভৃত্যের মত ব্যবহার করা। মনে পড়ে, ইনি সর্বসমক্ষে এক পুলিশ অফিসারকে বলেছিলেন, “আপনাদের ধরে চাবকানো উচিত।” মুখ্যমন্ত্রী হয়ে নিজে ভবানীপুর থানায় গিয়ে আসামী ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। অনুব্রত সদৃশ চ্যালারা আঙুলের টুসকিতে থানার আইসিকে বলে “অমুককে গাঁজা কেস দিয়ে দিন তো।”

এসবের ফলে পুলিশের মনোবল, আত্মবিশ্বাস, বাহিনী সম্বন্ধে গর্ব, আগ্রহ সব অস্তমিত। এই প্রক্রিয়া আরম্ভ করেছিল সিপিএম, আর একে চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন তাদের মেধাবী ছাত্রী।
অতএব মাননীয়াশ্রী! কার বিরুদ্ধে কাকে ‘ক্ষোভ উগরে’ দিচ্ছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *