আমাদের ভারত, ২৪ অক্টোবর: মেট্রো রেলের ফাটলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অবিলম্বে পুনর্বাসনের দাবি তুললেন প্রাক্তন মেট্রো প্রকৌশলী তথাগত রায়।
শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “একজন প্রাক্তন মেট্রো প্রকৌশলী হিসাবে আমি মনে করি যে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অবিলম্বে প্রয়োজনীয়তা হল তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তারপরে ক্ষতিপূরণ। এর সঙ্গে রাজনীতি মেশানো, টিএমসি পার্টির মধ্যে ফাটলের কথা বলা ইত্যাদি শুধু বোকামিই নয়, অমানবিকও।“
প্রসঙ্গত, শুক্রবার ভোরবেলায় মদন দত্ত লেনের বেশ কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তারপরই তাঁরা ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে মেট্রো আধিকারিকরা এসে পৌঁছন। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের এলাকায় ঢুকতে বাধাও দেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়ান করা রয়েছে পুলিশবাহিনী।

