আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বিজেপি নেতাদের উদ্দেশে বাবুল বুধবার টুইটারে লিখেছেন, “এরা হল ‘মণিকাঞ্চন’ (শব্দটির কপিরাইট তথাগত রায়ের) রাজ্য বিজেপি-র নেতারা! জালিয়াতির মামলায় গ্রেপ্তার এড়াতে ওয়াশিং মেশিনে (বিজেপির) লুকিয়ে রাখা জোকার! কেন ভারতের প্রতিটি নাগরিকের জন্য আইন সমান হবে না?“
এই উদ্ধৃতি দিয়ে তথাগতবাবু ঘুরিয়ে লেখেন, “আপনাকে অনেক ধন্যবাদ, বাবুল, ‘কেন ভারতের প্রতিটি নাগরিকের জন্য আইন সমান হবে না’ বলার জন্য? ইউনিফর্ম সিভিল কোড ছিল বিজেপির অন্যতম পুরনো দাবি! বিজেপির দাবি সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ।”
প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ভারতে নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব। কেন্দ্রীয় সরকার চাইছে এটি সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে। বিজেপি-বিরোধী দলগুলো এর বিরোধিতা করছে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় শাস্ত্র দ্বারা পরিচালিত হয়। এটি ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

