‘মূর্খের অশেষ দোষ’, দিলীপের পোস্টারে বানান বিভ্রাটে আক্রমণ তথাগত রায়ের

রাজেন রায়, কলকাতা, ১২ আগস্ট: নিজের দলের রাজ্য সভাপতির হাতের পোস্টার নিয়ে এবার আক্রমণ তথাগত রায়ের। আমতা ‘গণধর্ষণ’ কাণ্ডের প্রতিবাদে পোস্টার হাতে সংসদের সামনে বিক্ষোভ দেখান দিলীপ ঘোষ-সহ বাংলার বিজেপি সাংসদরা। আর সেই হাতের পোস্টারে বানান বিভ্রাট। সেই পোস্টার ইস্যুতেই এবার টুইটারে সরব বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। দলেরই এক শীর্ষ নেতার আক্রমণ অস্বস্তি বাড়িয়েছে বিজেপির অন্দরে।

পোস্টারে লেখার কথা ছিল, কন্যাশ্রী চাই না, নারী সম্মান চাই। কিন্তু কন্যাশ্রীর পরিবর্তে লেখা ছিল ‘কন্নাশ্রী।’ ‘ই’-এমনভাবে লেখা হল যে বর্ণ দেখে তা বোঝাই দায়। বানান দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলের। এই ইস্যুটিকে হাতিয়ার করেছে তৃণমূলও।

তথাগত রায় টুইটে লেখেন, “এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের অশেষ দোষ।” পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না!” তার আক্রমণের নিশানা যে কোনওভাবেই দিলীপ ঘোষ নয়, তা বোঝাতে চেয়েছেন তিনি।

অনেকেই বলছেন, যিনি পোস্টার তৈরি করেছেন তার বিষয়টি নজর রাখা উচিত ছিল তা তো ঠিকই। কিন্তু যিনি পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন, তাঁর পোস্টারে কী লেখা রয়েছে, তা ঠিক নাকি ভুল, সে বিষয়ে একটুও খেয়াল রাখার প্রয়োজন ছিল না? তথাগত রায় বরাবরই বিতর্ক সৃষ্টি করেন বলে কটাক্ষ তৃণমূলের। তবে এবারের আক্রমণ কি প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *