অনুব্রত মণ্ডলকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া তথাগত রায়ের

আমাদের ভারত, ৩১ মার্চ: অনুব্রত মণ্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বুধবার মমতা বলেছেন, “ওরা রিপোর্টে আমার জেলা সভাপতির নাম করেছে। এটা খুব খারাপ।“ ওরা বলতে মমতা বিজেপি-র তথ্যানুসন্ধানী কমিটির কথা বলেছেন।

তথাগতবাবু বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, “সিবিআই তদন্তের ফলাফল সম্পর্কে মমতা যত বেশি অস্থির হয়ে উঠছেন, বিশেষ করে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বিষয়ে, তিনি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করার জন্য বিজেপির বিষয়ে আরও বেশি কটূক্তি করছেন। কারণ তাঁর সন্দেহ হচ্ছে গ্রেফতার হলে মন্ডল খাঁচাবন্দী ক্যানারির মতো গান গাইবে কিনা।“

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের ছক দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “তদন্ত না করে কী করে আমার জেলা সভাপতির নাম উল্লেখ করতে পারে? তার মানে ওকে গ্রেফতার করতে চায়! এটা তো ব্যক্তিগত শত্রুতার ব্যাপার হয়ে যাচ্ছে। সবাইকে গ্রেফতার করতে চায়।”

এর পাশাপাশি, অপর একটি মন্তব্য রিটুইট করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “স্ত্রীর মৃত্যুর পর থেকেই বগটুই কাণ্ড প্রসঙ্গে বিস্ফোরক হতে দেখা গেছে মৃত নাজেমা বিবির স্বামী শেখলাল শেখকে। আবারও অনুব্রত মণ্ডলকে একহাত নিলেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, অনুব্রত চাইলেই রোখা যেত এই সব কিছুই। কিন্তু তিনি চাননি। তাই অকালে চলে গেল এতগুলো প্রাণ।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *