আমাদের ভারত, কলকাতা, ২ আগস্ট: মণিপুর নিয়ে কড়া মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিরোধীদের একপ্রকার তুলোধনা করেছেন তিনি। পাশাপাশি নাম না করে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য যারা রাজ্য সামলাতে পারে না তারা মণিপুর নিয়ে কথা বলছে।
মণিপুরে জাতিগত হিংসা নিয়ে প্রতিদিনই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছে বিরোধীরা। সংসদেও চলছে অচলাবস্থা। লোকসভা এবং রাজ্যসভার কাজ ব্যহত হচ্ছে। এই অবস্থায় বিরোধীদের কড়া সমালোচনা করলেন তথাগত রায়। বুধবার তিনি টুইটারে লিখেছেন, “যে সব লোক জানত না মণিপুর কোথায়, সেখানে কি করে যেতে হয়, তারাও মণিপুর নিয়ে হাউ হাউ করছে। কেবল যেটা বলছে না তা হল, এই সমস্যার সমাধান কীভাবে হবে? এর মধ্যে মণিপুরের আভ্যন্তরীণ মৈতৈ-কুকি জাতিগত বিরোধ, মাদক ব্যবসা, মায়ানমার থেকে অনুপ্রবেশ, সব জড়িয়ে আছে। মামলা ইতনা সরল নেহি হ্যায়|”
একধাপ এগিয়ে সমস্যা সমাধানের জন্য তিনি লিখেছেন, “আমার বিনীত নিবেদনে এখন মণিপুরে আফস্পা-র (এএসপিএসএ) শরণ নিয়ে চণ্ডনীতি চালাবার সময় হয়েছে। উইড কিলার স্প্রে করে সমস্ত আফিম চাষ নষ্ট করে দিতে হবে। মিয়ানমার সীমান্ত সুরক্ষিত করতে হবে।”
এই প্রসঙ্গে তিনি তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “যারা নিজের রাজ্য সামলাতে পারে না কিন্তু মণিপুর নিয়ে ফপরদালালি করে, তাদের মণিপুরে ঢুকতে দেওয়া চলবে না।”

