আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: শিল্পের জন্য, শিল্পীদের জন্য সামাজিক মাধ্যমে তসলিমার আর্জিকে স্বাগত জানালেন নেটানাগরিকরা। পোস্ট করার পর চার ঘন্টায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২৭০০, ৪৭৬ ও ২০।
মঙ্গলবার তিনি ১২টি ছবি-সহ সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার পায়ে শেকল, কিন্তু মনে তো শেকল নেই। সে কারণে কলকাতায় ভালো কিছু ঘটলে মনে মনে সেখানে চলে যাই। ঘুরে আসি। একসময় চিত্র প্রদর্শনী, মঞ্চ নাটক, গানের অনুষ্ঠান, কবিতা পাঠ, আবৃত্তি সন্ধ্যা — কিছুই তো মিস করতাম না।

কোনও অন্যায় না করে প্রায় দেড় যুগ আমি ব্রাত্য কলকাতায়। কষ্টের কথা থাক, আজ সুখের কথা হোক। আজ এক চমৎকার চিত্র প্রদর্শনীর কথা বলবো, যেটির প্রদর্শনী আজই শেষ। আজ আমার হয়ে সশরীরে আপনারাই না হয় দেখে আসুন প্রদর্শনী। হাতে টাকা থাকলে কিনেই ফেলুন না দু’একটি ছবি!

তাপস বসু, তিলক মন্ডল, বিশ্বপতি মাইতি, মনোজ সরকার, রবীন্দ্রনাথ চৌধুরী, সরোজ বসু, তীর্থঙ্কর বিশ্বাস, জ্যোতি প্রসাদ মল্লিক, গৌতম প্রামাণিক আর পার্থ সারথী ভট্টাচার্যের পেইন্টিংস নিয়ে আকাদেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়েছে প্রদর্শনী। আজ ১৩ তারিখ, আজ দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা। মিস করবেন না কিন্তু।”

