মমতাকে পুরস্কারে কড়া প্রতিক্রিয়া তসলিমা নাসরিনের

আমাদের ভারত, ১০ মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে সম্মানিত করেছে বাংলা অ্যাকাডেমি। মুখ্যমন্ত্রীর নিরলস সাহিত্যচর্চার জন্য তাঁকে পুরষ্কৃত করা হয়েছে বিশেষ সাহিত্য পুরষ্কারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরষ্কারপ্রাপ্তির পর থেকেই তুমুল বিতর্ক রাজ্য জুড়ে। এ নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন। মঙ্গলবার বেলা ১২টা ২০ পর্ন্ত পর্যন্ত তাঁর ফেসবুক পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ১১ হাজার, ৬১ ও ৯০৩।

তসলিমা সোমবার বেশি রাতে সামাজিক মাধ্যমে লিখেছেন, “কী? মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে? ওঁর হাম্বা হাম্বা কবিতাটি ওই বইয়ে আছে তো! ভালো যে আমি কলকাতায় থাকি না আর। যেটুকু শ্রদ্ধা ছিল কবি সাহিত্যিকদের জন্য, যেটুকু মুগ্ধতা ছিল মানুষের সততা আর সাহসের জন্য, যেটুকু পক্ষপাত ছিল ওই শহরটির জন্য, সেসব দিনে দিনে ফুরিয়েছে। চারদিকে চলছে চাটুকারিতা। টাকা, ক্ষমতা, নাম আর পুরস্কারের লোভ মানুষকে এত ক্ষুদ্র বানিয়ে ফেলেছে যে কারও মুখ আর দেখতে পাওয়া যায় না।

খুনী ডাকাত চোর বদমাশ নির্লজ্জ হলে মানায়। যখন শিল্প -সাহিত্যের জগতের লোকেরা নির্লজ্জ হয়, তখন সেই সমাজ নিয়ে সামান্যও আশা করার কিছু থাকে না। ভালো যে ওই শহরে আমি আর বাস করি না৷ বাস করলে হতাশার অতল গহবরে আমাকে তলিয়ে যেতে হতো।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *