স্বরপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ সেপ্টেম্বর: তর্পণ কথাটির অর্থ তৃপ্তি। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন। মহালয়ার চোদ্দ দিন
আগে থেকে শুরু হয় পিতৃপক্ষ। মহালয়ার দিন পিতৃপক্ষের শেষদিন, এরপরই শুরু দেবীপক্ষ। পিতৃপক্ষের শেষদিন অর্থাৎ মহালয়ার পুন্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে বেশীরভাগ মানুষ জলদান করে থাকেন স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায়। রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ঘাটে ও বন্দর ঘাটে এদিন বহু মানুষ তিল জলদানের মাধ্যমে তর্পণ করলেন তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে।
তর্পন করতে আসা সুজন পাল জানিয়েছেন, প্রতিবারেই আমি এখানে পুর্বপুরুষের আত্মশান্তির জন্য তর্পন করে থাকি। অন্যদিকে অজিত বিশ্বাস বলেন, আমাদের ধর্মে যে নিয়ম নীতি অনুযায়ী হয়ে থাকে আমরা প্রতিবার মহালয়ার পুণ্যলগ্নে আমরা এখানে আসি। পুর্বপুরুষদের আত্মাশান্তির জন্যই আমরা এটা করে থাকি।

ঘাটে আসা পুরোহিত অনুপম চক্রবর্তী জানিয়েছেন, মহালয়ের পুণ্যলগ্নে পিতৃ তর্পন সবাই করছে ভোর থেকে। যারা এটা করে থাকে তাদের পুণ্যলাভ হয় বলে জানান তিনি।

