আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৭ সেপ্টেম্বর: মহালয়ার সকালে পিতৃ তর্পনে গঙ্গার ঘাটে ঘাটে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশের কড়া নজরদারি এবং জন সচেতনতা মূলক প্রচার চোখে পড়েছে। ভোরবেলা থেকে পুলিশ কর্মীরা গঙ্গা বক্ষে ভেসেলে করে মাইকিং শুরু করেছেন। একই সঙ্গে বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে বসেছে পুলিশি প্রহরা।

করোনা আবহে পিতৃ তর্পনে গঙ্গার ঘাটে নিরাপত্তা দিতে তৎপর ছিলেন পুলিশ কর্মীরা। বারে বারে পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চলেছে যাতে কেউ গঙ্গার গভীরে চলে না যান। সকলে যাতে পিতৃ তর্পনে গঙ্গার ঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং তর্পনের পর মাস্ক ব্যবহার করেন নাগরিকরা।

উত্তর ২৪ পরগনার ইছাপুর মন্ডল ঘাটে দেখা গেল গঙ্গায় বান আসার সময় তর্পণ করতে আসা নাগরিকদের সচেতন করে তাদের গঙ্গার পাড়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান প্রহরারত পুলিশ কর্মীরা। অন্যান্য বছরের তুলনায় এবছর একটু বেশি ব্যতিক্রমী সকলের কাছেই। প্রশাসনও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে চলতি বছরের পিতৃ তর্পনে গঙ্গার ঘাটগুলিতে। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে তর্পণ করেন, বারংবার তর্পণ কারীদের সে বিষয়ে সতর্ক করা হয়েছে।


