জয় লাহা, দুর্গাপুর, ২৬ জুন: বর্ষার শুরুতেই ট্যারেন্টুলা আতঙ্ক! প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ি থেকে উদ্ধার হল এক বিশালাকৃতি লোমশ মাকড়সা। সোমবার এই ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়াল কাঁকসার ৩ নং কলোনী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করল বনবিভাগের কর্মীরা।
ঘটনায় জানা গেছে, সোমবার সকালে কাঁকসার প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অজয় মজুমদারের গোয়াল ঘরে লোমশ মাকড়সা নজরে পড়ে। বিষয়টি নজরে পড়তেই লোমশ ওই মাকড়সাটিকে প্ল্যাস্টিক প্যাকেটে বন্দি করে। প্রায় ১ ইঞ্চির মত চওড়া। লালচে রং এর গোটা শরীর ও পা’য়ে লোম ভর্তি। প্রাথমিক অনুমান লোমশ ওই বিশাল মাকড়সাটি ট্যারেন্টুলা। তবে কাউকে কমড়ায়নি।

খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অজয় মজুমদার জানান, “সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। অন্যান্য দিনের মতই গোয়াল ঘর পরিস্কার করা হচ্ছিল। তখনই বিশালাকৃতির লোমশ মাকড়াশাটি নজরে পড়ে। ট্যারেন্টুলা ভেবে প্ল্যাস্টিক প্যাকেটে রেখে দিই। বনবিভাগকে খবর দেওয়া হয়েছে।” স্থানীয় কাঁকসার বন বিভাগের রেঞ্জার সুভাষ পাল জানান, “লোমশ মাকড়সা। উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”

