তাপস গঙ্গোপাধ্যায়ের  প্রয়াণে প্রেস ক্লাব  কলকাতার শোকবার্তা

আমাদের ভারত, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: শনিবার  ভোররাতে না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট প্রাক্তন 
সাংবাদিক তাপস গঙ্গোপাধ্যায় (৮২)।

তাঁর প্রয়ানে প্রেস ক্লাবে শোক প্রকাশ করে বিবৃতি দিলেন সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক। বিবৃতিতে লেখা হয়েছে, “তাপস গঙ্গোপাধ্যায় ছিলেন ক্লাবের আজীবন  সদস্য। দৈনিক ‘মালয়ালম মনোরমা’র সাপ্তাহিক ইংরেজি মুখপত্র ‘দ্য উইক’ এর তিনি  ছিলেন পূর্ব ভারতের ব্যুরো চিফ। তার আগে ছিলেন ‘আনন্দবাজার পত্রিকা’ এবং ‘আজকাল’-এ।জীবনরসিক তাপস গঙ্গোপাধ্যায় ‘সময় পরিবর্তন’ নামে একটি সংবাদ ও সাহিত্য মাসিকপত্রর ছিলেন উপদেষ্টা। 

প্রথম জীবনে তিনি নায়কের ভূমিকায় শর্মিলা 
ঠাকুরের বিপরীতে চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘বার্ধক্যের বারাণসী’, ‘মানুষ গড়ার  কারিগর’প্রভৃতি বহুল পঠিত গ্রন্থ লিখেছিলেন জিভের ক্যান্সার জয় করে জীবনেফিরেছিলেন। 

গত কয়েকবছর ‘সময় পরিবর্তন’ থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকের সম্পাদক হয়েছিলেন তিনি। খেলাধুলার বিষয়ে তাঁর ছিল প্রবল  আগ্রহ।
 
প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত
পরিবার ও স্বজনদের আন্তরিক সমবেদনা 
জ্ঞাপন করছি।“

তাঁর কন্যা হৈমন্তীও প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ‘দি উইক’-এর সঙ্গে। হৈমন্তী ছাড়াও আছেন স্ত্রী শিপ্রা, জামাতা রাজেশ মুখার্জি, দৌহিত্রী। রাজেশবাবু ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন। প্রখ্যাত কথাকার ও সাংবাদিক, শ্যামল গঙ্গোপাধ্যায় তাঁর  সর্বকনিষ্ঠ ভ্রাতা। বিশিষ্ট সাংবাদিক তরুণ গঙ্গোপাধ্যায় তাঁর দাদা। বেলা সাড়ে ১২টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশাণে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *