কালবৈশাখীর দাপটে টানা তিনদিন অন্ধকারে তপনের বালাপুর, প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ গ্রামবাসীদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২ মে: টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন তপনের বালাপুর, অন্ধকারে ডুবে রয়েছে আশপাশের গ্রামগুলিও। প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তপনের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর এলাকায়।

জানা যায়, শুক্রবার রাতে কালবৈশাখীর দাপটে বিধ্বস্ত হয়ে পড়ে দিনাজপুর জেলার বেশকিছু এলাকা। বড় বড় গাছ ও বিদ্যুতের খুটি উপড়ে পড়ে একদিকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা, তেমনি বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ পরিষেবাও। প্রশাসনিক নির্দেশে চটজলদি উপায়ে এসব সমস্যা সমাধানের কথা বলা হলেও গত তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও অন্ধকারে ডুবে রয়েছে তপন ব্লকের বেশকিছু এলাকা। আর যার জেরে একদিকে যেমন তীব্র গরমে নাভিশ্বাস উঠবার জোগাড় হয়েছে বাসিন্দাদের, তেমনি বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ব্যবসা বানিজ্য থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম নিয়েও চরম ভোগান্তিতে পড়েছেন তপন ব্লকের বাসিন্দারা। এদিন সকাল থেকে এমনসব ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বালাপুর এলাকার বাসিন্দারা। প্রতিবাদে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভও। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট- তপন রাজ্য সড়ক। চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষরা। যদিও বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন।

রহিম সরকার ও মুকেশ সরকার নামে স্থানীয় দুই বাসিন্দা বলেন, তিনদিন ধরে বিদ্যুৎ বিছিন্ন হয়ে রয়েছে এলাকা। যার জেরে নাভিশ্বাস উঠবার জোগাড় এলাকার বাসিন্দাদের। বিদ্যুৎ দপ্তরে বারবার বিষয়টি জানানোর পরেও কোনো সমাধান হয়নি। যার প্রতিবাদেই এদিন রাজ্য সড়ক অবরোধ করেছেন তারা। যতক্ষন পর্যন্ত এই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হবে এলাকায় ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *