চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো তমলুক থানার পুলিশ, উদ্ধার আইফোন সহ কিছু সামগ্রী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জুন: তমলুক থানার পুলিশ একটি চুরির কিনারা করে তিন জনকে গ্রেপ্তার করেছে। আইফোন সহ কিছু জিনিস উদ্ধার হয়েছে।

তমলুক শহরের ৪ নং ওয়ার্ডের শেখ শামসুল আলমের বাড়ি থেকে গত ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে নগদ ৫৩ হাজার টাকা, ৫০ গ্রাম সোনার গয়না, আইফোন যার দাম প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ও ৪টি বিদেশি ঘড়ি যার মূল্য প্রায় ১০ হাজার টাকা চুরি গিয়েছে বলে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন শেখ শামসুল আলম। তমলুক থানার পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমে আইফোন ট্রাক করে তিনজনকে শনাক্ত করে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গতকাল তমলুকের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ কুদরত আলি (১৮) ও শেখ শাহরুখ(২১) কে গ্রেফতার করে তমলুক আদালতে তোলে। আদালত ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতে দিয়েছে। ধৃতদের জেরা করে আজ শেখ ফারুক (২০) নামে আরো একজনকে গ্রেফতার করে। ধৃতকে আজ তমলুক আদালতে তোলা হয়।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আইফোন ও ২টি ঘড়ি। তমলুক থানার পুলিশ অফিসার অমিত কুমার হালদারের নেতৃত্বে পুলিশ আজ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে বড় কোন চক্রে জড়িত কিনা এবং বাকি চুরি যাওয়া মালগুলি উদ্ধারের ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *