আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জানুয়ারি: তমলুকের স্টিমারঘাটে তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে স্থাপিত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং’য়ের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেচ ও জলসম্পদ উন্নয়ণ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। আনুমানিক ৬৪০ খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত বন্দর নগরীতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন। তিনি প্রায় দু’বছর তাম্রলিপ্ত বন্দর নগরীতে ছিলেন। তাম্রলিপ্ত বন্দর ধংস হয়ে যাওয়ার পরেও সাম্প্রতিককালে কলকাতা থেকে তমলুক পর্যন্ত স্টিমারের প্রচলন ছিল।

ঐতিহাসিক তাম্রলিপ্ত বন্দর এবং তার পরবর্তী কালে স্টিমারঘাটের স্মৃতি ও চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং’য়ের তাম্রলিপ্ত বন্দর নগরীতে পদার্পণের কথা তমলুকবাসী তথা রাজ্যবাসীর কাছে স্মরণীয় করে রাখতে তমলুক পুরসভার উদ্যোগে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের মূর্তি বসানো হল। তমলুক শহরের ১৪ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাটে যে জায়গাটিতে স্টিমার চলাচলের সময় টিকিট ঘর ছিল সেই স্থানে হিউয়েন সাং’য়ের মূর্তির আজ আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হল মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্রের হাত দিয়ে। হিউয়েন সাংয়ের মূর্তি ছাড়াও হিউয়েন সাংয়ের তাম্রলিপ্ত বন্দরে পদার্পণের সময় তাঁকে রাজপরিবারের তরফ থেকে অভ্যর্থনা জানানো হয়েছিল সেই ঘটনার একটি রিলিফ তৈরি করা হয়েছে। বর্তমান প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী তাম্রলিপ্তের ইতিহাস স্মরণ করানোর জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্য পৌর প্রশাসক দীপেন্দ্রনারায়ণ রায়।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র হিউয়েন সাং’য়ের তাম্রলিপ্তে আগমন সংক্রান্ত ঐতিহাসিক তথ্য তুলে ধরেন। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও প্রাক্তন বিধায়ক ও অধ্যাপক ব্রহ্মাময় নন্দ, তমলুক কলেজের অধ্যক্ষ, পৌরসভার ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি ও কোর্ডিনেটরগণ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মূর্তিটি তৈরি করেছেন প্রখ্যাত শিল্পী অসিত সাঁই।

