আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ আগস্ট: বাড়ির এক মাত্র ছেলে কাবুলে আটকে থাকায় চরম উদ্বেগে দিন কাটছে নিমতার বাসিন্দা শ্যামল ভট্টাচার্য ও তার স্ত্রীর।
নিমতা ওলাইচন্ডিতলার বাসিন্দা তমাল ভট্টাচার্য গত মার্চ মাসে আফগানিস্থানে শিক্ষকতার চাকরি নিয়ে যায়। তারপর থেকে তমালবাবু কাবুলেই থাকতেন। এরপর আফগানিস্থানে তালিবানি শাসন শুরু হতেই চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে তমাল ভট্টাচার্যের বাবা- মা’য়ের।

তমাল ভট্টাচার্যের বাবা শ্যামল ভট্টাচার্য পেশায় ফিঙ্গা এর .পি. স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার ছেলে তমাল ও শিক্ষকতা করতেই কাবুল যান। ছেলের চিন্তায় শ্যামলবাবু সারাক্ষণ চোখ রেখে চলেছেন টিভির দিকে। সব সময় তিনি তার ছেলের সাথে ফোনের মাধ্যমে কথা বলছেন, নিচ্ছেন সমস্ত খোঁজ খবর। বর্তমানে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সাথে কথা হয়েছে তমালের। তমালবাবু কাবুল কার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করতে গিয়েছিলেন। কাবুলে যে শিক্ষা প্রতিষ্ঠানে তামালবাবু গেছেন সেখানের প্রিন্সিপালের বাড়িতে রয়েছেন তিনি এবং তাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, ২৮ তারিখ তমালের ফিরে আসার কথা থাকলেও তার টিকিট ক্যানসেল হয়ে গেছে, ফলে চরম উদ্বেগে দিন কাটছে তমালের বাবা- মা’য়ের। এদিন তমালের বাবা শ্যামল বাবু সংবাদ মাধ্যমকে জানান,
“ছেলের সাথে কথা হয়েছে, ছেলে বলেছে ও নিরাপদে আছে, ওখানে সেনাবাহিনী ওদের গার্ড দিয়ে রেখেছে, তালিবান বাহিনী ও তাদের সাথে ভালো ব্যবহার করছে। ভারতীয় দূতাবাসের হাই কমিশনার ও ফোন করেছে আমার ছেলেকে কথা হয়েছে ওনার সাথে। আমরা অপেক্ষা করছি ছেলের। ও সুস্থ্য ভাবে দ্রুত বাড়ি ফিরে আসুক।”

