অবসরকালে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য পঞ্চাশ হাজার টাকা দিলেন তাজেম্মুল হোসেন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: দীর্ঘ ৪১ বছর শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে জড়িয়ে থাকার পর, অবসর গ্রহণ কালে শিক্ষা প্রতিষ্ঠানের দুঃস্থ ছাত্র- ছাত্রীদের জন্য মাদ্রাস কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন পঞ্চাশ হাজার টাকা। শুধু তাই নয় বিদায়ের দিনে সকল ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন ঐ শিক্ষক।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত এলাহিগঞ্জে রয়েছে এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠান। এই এলাহিয়া মাদ্রাসার প্রায় জন্মলগ্ন থেকেই যুক্ত রয়েছেন সেখ তাজেম্মুল হোসেন‌। প্রথম অবস্থায় করণিক পদে যোগদান করেন, পরে বাংলা বিষয়ে সহশিক্ষক পদে নিযুক্ত হন। চাকুরি জীবনের শেষ কয়েক বছর সামলেছেন ভারপ্রাপ্ত শিক্ষকের পদ। গত ৩১ অক্টোবর তাঁর চাকুরি জীবনের শেষ দিন ছিল।

বুধবার মাদ্রাসায় আয়োজিত এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হল মাদ্রাসার পক্ষ থেকে। বুধবার আয়োজিত এই আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ৫০০০০ টাকা অনুদানের কথা ঘোষণা করেন। যে টাকা থেকে প্রতিবছর দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের এককালীন বৃত্তি ও পুস্তক দেওয়া হবে।

এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ নুর আলম সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-
শিক্ষাকর্মী ছাত্র-ছাত্রী ও পরিচালন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, পরিচালন সমিতির প্রাক্তন সদস্য বৃন্দ, প্রাক্তন শিক্ষকগণ ও মাদ্রাসার শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *