স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ফেব্রুয়ারি: তিন লক্ষ টাকার গয়না চুরির ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই কিনারা করলো তাহেরপুর থানার পুলিশের।

সূত্রের খবর, তাহেরপুর থানার বাদকুল্লা নতুন পাতুয়া এলাকার বাসিন্দা এক মহিলা তাহেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে তিনি তার আত্মীয়র বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা ঘরের তালা ভেঙ্গে নগদ ১৮,০০০ টাকা ও প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয়। তারপরই তাহেরপুর থানার পুলিশ তদন্ত নেমে বাদকুল্লা নতুন পাতুয়া এলাকা থেকে রাজু প্রামানিক নামে এক অভিযুক্তকে আটক করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে অজয় শীল ও মিলন বিশ্বাস নামে আরো দুই অভিযুক্তকে নোয়াপুকুর পাড়া এলাকা থেকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে সুশান্ত কর্মকার নামে এক ব্যক্তিকে পূর্ব বাদকুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত গয়না। চুরি যাওয়া টাকা ধৃতদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগকারিণী পুলিশের এই তৎপরতায় অত্যন্ত খুশি।

