আমাদের ভারত, ১৭ মে: আনিস খান হত্যায় বেআইনি পুলিশি হানার দায়ে স্বরাজ ইন্ডিয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল।
মঙ্গলবার দলের এক প্রেস বিবৃতিতে বলা হয়, “আনিস খান হত্যা মামলায় আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টে পরিস্কার জানিয়েছেন যে আনিস খানের বাড়িতে পুলিশি অভিযান আইন বা প্রথা মেনে হয়নি। তাহলে কার নির্দেশে এবং কোন অভিসন্ধি নিয়ে পুলিশ অস্ত্র নিয়ে গভীর রাতে এক যুবকের খোঁজে বাড়িতে গিয়েছিল? এই অভিযানের ফলে যুবকের মৃত্যুর দায় রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ওপর অবশ্যই বর্তায়। স্বরাজ ইন্ডিয়া অবিলম্বে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।”
স্বরাজ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক রাম বচ্চন বলেন, “রাতের অন্ধকারে যে রাজ্যে পুলিশ বেআইনি অভিযান চালায়। সে রাজ্যের পুলিশ মন্ত্রী দিনের আলোয় সদর্পে ঘুরে বেড়াতে পারেন না। নৈতিক দায়িত্ব স্বীকার করে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।”

