“স্বামীজি শিক্ষাব্যবস্থার এমন হাল দেখলে দেশছাড়া হতেন,” মন্তব্য শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ১২ জানুয়ারি: জন্মতিথিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে বিঁধলেন বিরোধী দলনেতা।

বৃহস্পতিবার সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পর তৃণমূলকে খোঁচা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “স্বামীজি এই শিক্ষা দেখে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন। এরাজ্যের শিক্ষার যা অবস্থা করেছে। গোটা শিক্ষা দফতরটাই ভিতরে।”

এদিন নাম না করে তৃণমূল নেতাদের কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “এবার প্রথম দেখলাম স্বামীজির জন্মভিটায় আসার রাস্তায় স্বামীজির ছবি ছোট। কার্বাইডে পাকানো নেতার ছবি বড়।”

বিরোধী দলনেতা পরে ভিডিও যুক্ত করে টুইটে লিখেছেন, “স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর শুভ উপলক্ষে আমি স্বামীজিকে প্রণাম জানাই। আধুনিক ভারতের আধ্যাত্মিক জাগরণকারী এবং একজন কালজয়ী যুব প্রতীক। তিনি এখনও বিশ্বজুড়ে সম্মানিত, কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর পৈতৃক বাড়িতে।”

স্বামীজীর জন্ম দিবসে সিমলা স্ট্রিট থেকে রেড রোড পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি যুব মোর্চা। তাতে অংশ নেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *