শিবশক্তি রাজধানী আর চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি তুললেন স্বামী চক্রপাণি মহারাজ

আমাদের ভারত, ২৮ আগস্ট: চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছোঁয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা, মন্ত্রী, অভিনেতা, সমাজের বিশিষ্ট জনেরা সকলেই গর্বিত। সকলেই বিজ্ঞানীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তবে অনেকে আবার বলেছেন চন্দ্র দেবতার আশীর্বাদেই এই অভিযান সফল হয়েছে। এরই মধ্যে চাঁদ কে হিন্দু রাষ্ট্র ঘোষণা দাবি জানালেন এক হিন্দু ধর্মগুরু।

স্বামী চক্রপাণি মহারাজ চন্দ্রযান ৩ অবতরণ করার পর চাঁদকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হোক বলে দাবি করেছেন। যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে সে জায়গাটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা হোক বলেও দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ওই স্থানটির নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ রবিবার ভারত সরকারের কাছে আবেদন জানান, যে অন্য কোনো ধর্ম চাঁদের ওপর মালিকানা ঘোষণা করার আগে যেন সরকার এই দাবি জানায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও স্বামী চক্রপাণি মহারাজ বলেন, চন্দ্রকে সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। যেখানে চন্দ্রযান ৩ অবতরণ করেছে সেই শিবশক্তি পয়েন্টকে রাজধানী হিসেবে ঘোষণা করা হোক, যাতে কোনো জিহাদি মানসিকতা সেখানে পৌঁছাতে না পারে। এই বিষয়ে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত, যাতে কোনো জঙ্গি সেখানে পৌঁছাতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *