পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: সারা দেশের সঙ্গে আজ পশ্চিম মেদিনীপুর জেলাতে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি পালন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকেও এই শ্রম দান কর্মসূচি পালন করা হয় সমস্ত রেল স্টেশনে। মূল অনুষ্ঠানটি হয় খড়্গপুর স্টেশন এলাকায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ সহ অন্যান্য রেল আধিকারিকবৃন্দ। দিলীপ ঘোষ নিজে ঝাড়ু হাতে স্টেশন এলাকা পরিষ্কার করেন। তিনি বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে এই কর্মসূচিতে যোগ দিতে আহ্বান করেছেন দেশের স্বচ্ছতা বজায় রাখতে। আমি এখানে এসেছি রেলের পক্ষ থেকে। অভিষেক ব্যানার্জির ধর্ণা কর্মসূচি নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে খরচা করতে পারছে না, প্রশাসন চালানোর ক্ষমতা নেই শুধু ধর্ণা দিতে শিখেছে।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দলের ২৩২ মহিলা ব্যাটালিয়ান শালবনি সবজি বাজারে এক ঘন্টা শ্রম দান করে স্বচ্ছতা অভিযান পালন করে। সবজি বাজারের বিভিন্ন স্থানে এবং বাসস্ট্যান্ড এলাকাতে বাহিনীর মহিলারা আবর্জনা মুক্ত করে, ব্লিচিং পাউডার ছড়িয়ে ঐ এলাকাতে স্বচ্ছতা অভিযান পালন করে।
২৩২নং মহিলা ব্যাটালিয়ানের সেকেন্ড ইন কমান্ড জি এল ভুটিয়া জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বাহিনীর সদস্যরা বাজার এলাকা আবর্জনা মুক্ত করে এলাকা স্বচ্ছ করে তোলে। পাশাপাশি সিআরপিএফ- এর ৬৬ নং ব্যাটালিয়ানের পক্ষ থেকে হাউড় স্টেশন এলাকায় একই রকম কর্মসূচি পালন করা হয়।

