বিপুল উৎসাহে বাঁকুড়া জেলাজুড়ে পালিত হলো স্বচ্ছ ভারত কর্মসূচি, হাত মেলালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিধায়ক ও সেনা জওয়ান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ অক্টোবর: বিপুল উৎসাহ উদ্দীপনায় বাঁকুড়া জেলাজুড়ে পালিত হলো স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। আজ সকালেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার লোকপুর এলাকা পরিচ্ছন্ন করতে পথে নামেন। স্হানীয় জলাশয়ও তিনি পরিষ্কার করতে নেমে পড়েন। তার সাথে হাত মেলান একদল মানুষ। জলাশয়ে নেমে তিনি কচুরিপানা সহ আবর্জনা তুলে পরিষ্কার করেন।

অপরদিকে বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা আজ সকালে ভৈরবস্হান মোড়, কানকাটা এলাকা পরিষ্কারে হাত লাগান। একদল কর্মীর সাথে ঝাঁটা হাতে নিয়ে রাস্তা ঘাট পরিষ্কার করতে শুরু করেন।তিনি বলেন, গান্ধীজীর জন্মদিন থেকে পক্ষকাল ব্যাপী স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে আজ এই কর্মসূচি পালন করা হলো।
স্বচ্ছ ভারত অভিযানে নামেন সেনা জওয়ানরা। আজ সকালে দুর্গাপুরের ১৬৯ নং সিআরপিএফ ব্যাটালিয়ানের জওয়ানরা বড়জোড়া হাইস্কুল এলাকা পরিচ্ছন্ন করতে নামেন। তাদের সাথে স্কুলের পড়ুয়ারা হাত লাগায়।

ব্যাটালিয়ানের কমান্ডার রাজেশ শর্মা বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে। এই কর্মসূচিতে আমাদের জওয়ানরা সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *