আবর্জনা মুক্ত ভারত গড়াই লক্ষ্য! স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্বের সূচনা প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর:স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্বে সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শহরগুলিকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে ও পানীয় জল নিশ্চিত করতে স্বচ্ছ ভারত মিশন আরবান -২ এর আজ রাজধানী দিল্লি থেকে সূচনা করলেন মোদী। এই অভিযান দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার থেকে শুরু করেন প্রধানমন্ত্রী।

মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফর্মেশন বা এ এম আর ইউ টি 2 অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। এই অভিযানের লক্ষ্য জঞ্জালের পাহাড় সড়িয়ে এদেশের শহরগুলিকে আবর্জনা মুক্ত করা। প্রধানমন্ত্রী বলেন, আবর্জনা মুক্ত শহর গড়ার লক্ষ্য এই অভিযানের। দ্বিতীয় পর্যায়ে। শহরগুলিতে জমে থাকা আবর্জনার পাহাড় সাফ করা হবে। দিল্লিতে বহুদিন ধরেই এমন এক আবর্জনার পাহাড় রয়েছে। তার কথায় এই অভিযানের মহানায়ক সাফাইকর্মীরা। আমাদের সরকার শহরের উন্নয়নে চার লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। ভারত আজ প্রতিদিন এক লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে।

দেশকে দূষণমুক্ত পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই কাজকে আমাদের আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি শহরে বর্জ্য পদার্থকে কাজে লাগানোর জন্য আধুনিকতম ব্যবস্থা নিতে হবে। শহরের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক প্রযুক্তি দূষণ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

মোদী বলেন, স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্বের লক্ষ্য দেশের শহরগুলিকে আবর্জনা মুক্ত করা। ইতিমধ্যে ১০কোটির বেশি শৌচাগার তৈরি করে দেশবাসী এই সংকল্প পূর্ণ করেছে। একই সঙ্গে শহরের নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। শহরের আবর্জনায় ভরা নালা যেনো নদীর জলে না মিশে সেটা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে রাজ্য সরকার গুলিকে শহরগুলিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সংখ্যা বাড়ানোর কথা বলেন মোদী।

২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভারত অভিযান চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর দিল্লির রাজপথ ঝাঁটা হাতে পরিষ্কার করে এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। এই প্রকল্পের লক্ষ্য ছিল ২০১৯ সালের মধ্যে প্রকাশ্যে মলত্যাগের ঘটনা বন্ধ করা ও দেশের ৯ কোটি শৌচালয় তৈরি করা। পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগকে সম্মানিত করে বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *