ভাইপোর ভয়ে প্রশাসন কাঁপে, রাজ্যে আইন শৃঙ্খলা নেই, মহিলা সুরক্ষা, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ১৫ জুন: ভাইপোর ভয়ে কাঁপে এরাজ্যের প্রশাসন, আইন শৃঙ্খলা নেই। এরাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, তপশিলী জাতি উপজাতিদের উপর অত্যচার চলছে। সোমবার রাজ্যপালের সাথে দেখা করে বেরিয়ে এসে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি একইসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে একগুচ্ছ অভিযোগসহ স্মারকলিপিও জমা দেন। আর সেখান থেকে বেরিয়েই রাজ্যের নিরাপত্তার প্রসঙ্গে ক্ষোভে ফেটে পড়েন তিনি। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করতে গিয়ে তিনি বলেন, রাজ্যে আইন নেই, মহিলাদের সুরক্ষা নেই। প্রশাসন ভাইপোর ভয়ে কাঁপছে। শুভেন্দুর অভিযোগ রাজ্যের মহিলা সাংসদ- বিধায়কদের হেনস্থা করা হচ্ছে। অত্যচার চলছে তপশিলী জাতি উপজাতি ভুক্ত মানুষের উপর। কয়েক হাজার বিজেপি কর্মী ঘরছাড়া।

তিনি বলেন তৃণমূল ব্যক্তিকেন্দ্রিক দল, বিজেপি তা নয়। রাজ্যের বিজেপির ভোট বাড়ার জন্য যদি কারো কৃতিত্ব থাকে তবে তা নরেন্দ্র মোদীর। একসঙ্গে শুভেন্দু জানান, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি তাই সুবিচার পাওয়ার আশা তিনি তাঁর দ্বারস্থ হয়েছেন।

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “বাম আমলেও অনেক লড়াই করেছি। এমন প্রশাসন দেখিনি। এই প্রশাসন ভাইপোর ভয়ে থরথর করে কাঁপছে। পুলিশ প্রশাসন কোনও কাজই করতে পারে না। এসপিরা ফোন ধরেন না।”

রাজ্যে নারী সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, এখানে জনপ্রতিনিধিরাও আক্রান্ত হচ্ছেন, মহিলা সাংসদদের ওপর হামলা হচ্ছে। বাংলায় নারী সুরক্ষা বলে কিছু নেই। বেশ কয়েকজন গণধর্ষিতা শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন। সুপ্রিম কোর্টে সিট গঠনের দাবি জানিয়েছেন অনেকেই।

একই সঙ্গে দলত্যাগ বিরোধী আইনের প্রসঙ্গে উল্লেখ না করেই বলেন, “আমরা রাজ্যপালের কাছে এসেছি। রাজ্যপালের কাছে কেন এসেছি সেটা কিছুদিন পরেই বুঝতে পারবেন।” শুভেন্দুর দাবি, মামলার ভয় দেখিয়ে বিরোধীদের খতম করার কথা ভাবছে রাজ্যের শাসকদল। বিরোধীদের বাকস্বাধীনতা এভাবে খর্ব করা যাবে না। দুই তারিখের পর বিজেপি কর্মীদের বিরুদ্ধে তিন হাজার মামলা হয়েছে। তিনি সব মামলার কাগজ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানান। এক্ষেত্রে সিবিআই তদন্তের যাতে হয় তার প্রক্রিয়া শুরু করেবেন বলেও হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *