Suvendu, Job card, ভুয়ো বা অনিয়মিত জব কার্ড নিয়ে শঙ্কা শুভেন্দুর

আমাদের ভারত, ৮ ডিসেম্বর: “বিপুল সংখ্যক জব কার্ড ভুয়ো বা অনিয়মিত হওয়ার প্রমাণ স্পষ্ট। এই ভুয়ো কার্ডধারীরা অতীতে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়েছে, যার বিস্তারিত তালিকা তিনি যথাসময়ে প্রকাশ করবেন।” সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি জানান, আধার–লিঙ্কিং বাধ্যতামূলক হওয়ার পর ২ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৫০৩ জব কার্ডের মধ্যে মাত্র ১ কোটি ৬০ লক্ষ ৯৭ হাজার ৬৯৫টি সফলভাবে অথেন্টিকেট হয়েছে, যা গোটা দেশের মধ্যে সর্বনিম্ন—মাত্র ৬২.৯ শতাংশ।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রদত্ত ভাষণের প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী বন্দে মাতরমকে ইচ্ছাকৃতভাবে অপমান করছেন। স্কুলে বন্দে মাতরম বন্ধ করতে ‘রাজ্য সঙ্গীত’ গাওয়ার নির্দেশ দিয়ে তিনি ঋষি বঙ্কিমচন্দ্র, মা দুর্গা, ভারতমাতা এবং বাঙালি সংস্কৃতিকে অবমাননা করেছেন।

শুভেন্দুবাবু বলেন, “বন্দে মাতরমের পূর্ণাঙ্গ স্তবক শক্তি, ভক্তি ও একতার প্রতীক—এতে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধাচরণ ছাড়া আর কিছু নয়।”

বিজেপির সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যে নতুন সদস্য নথিভুক্তকরণের কাজ দ্রুত গতিতে চলছে। প্রাথমিক সদস্যপদ দেওয়ার জন্য বুথ, মণ্ডল ও জেলা স্তরে স্ক্রুটিনি কমিটি তৈরি হয়েছে এবং বিভিন্ন সামাজিক শ্রেণি—অধ্যাপক, ডাক্তার, লেখক, অবসরপ্রাপ্ত আধিকারিক, সনাতন পরিবার, আদিবাসী পরিবারসহ বহু মানুষ বিজেপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

আজ তিনজন বিশিষ্ট নাগরিক—অজয় কুমার দাস, সঞ্জীব হাঁসদা এবং বঙ্কিম বিশ্বাস—দলে যোগ দিচ্ছেন। তিনি জানান, বিজেপির লক্ষ্য ৩৯ শতাংশ ভোটকে ৫১ শতাংশে উন্নীত করা এবং ৫০ লক্ষ নতুন ভোট নিজেদের পক্ষে আনা, যাতে রাজ্যে প্রকৃত পরিবর্তন সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *