আমাদের ভারত, ৩ জুন:পশ্চিমবঙ্গে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে রাজ্যস্তরে একটি নিরাপত্তা কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে দেখা করে এই বিষয়ে একটি চিঠিও দিয়েছেন শুভেন্দু। এর জন্য রাজ্যপালকে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।
সুপ্রিম কোর্টে ২০০৬ সালে একটি মামলার রায়ের প্রসঙ্গ তুলে রাজ্যপালকে দেওয়া চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, ওই নিরাপত্তা কমিশন রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে নিরপেক্ষভাবে পুলিশি কার্যকলাপের উপর নজরদারি করবে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকেও প্রস্তাবিত ওই কমিশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার রাজ্যপালের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় রাজভবনে আলোচনা করেন শুভেন্দু। সেই সময় ওই চিঠি দেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ২০০৬ সালে প্রকাশ সিং বনাম কেন্দ্রীয় সরকারের একটি মামলায় রাজ্যস্তরে এই নিরাপত্তা কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রস্তাবিত নিরাপত্তা কমিশন সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশন, রিবেইরো কমিটি এবং শোরাবজি কমিটির সুপারিশগুলির প্রসঙ্গেও উল্লেখ করেছেন বিজেপি বিধায়ক। তিনটি সুপারিশেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে রাজ্য নিরাপত্তা কমিশনের সদস্য করার কথা বলা হয়েছিল। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি, সংশ্লিষ্ট হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি, লোকায়ুক্তদের অন্তর্ভুক্ত করার কথাও সুপারিশগুলিতে উল্লেখ করা আছে।
সুপ্রিমকোর্টে রাজ্যগুলিকে মানবাধিকার কমিশন, রিবেইরো কমিটি ও শোরাবজির কমিটির সুপারিশ মেনে নিরাপত্তা কমিশন গঠনের পরামর্শ দিয়েছিল। কিন্তু রায় ঘোষণার দেড় দশক পরেও এ বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর মতে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার ক্ষেত্রে এই কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে রাজ্যপালকে সংবিধানের ১৫৪ ধারায় উল্লেখিত ক্ষমতা প্রয়োগ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু।

