আমাদের ভারত, ২৩ মার্চ: আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল বগটুই গ্রামের উদ্দ্যেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা শক্তিগড়ে একটি মিষ্টির দোকানে যান চা জল খেতে। মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ব্যঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন ল্যাংচা খেয়ে ল্যাংচাতে ল্যাংচাতে ওরা বগটুই গেছে। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি মুখ্যমন্ত্রীকে ব্লিচিং ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করার পরামর্শ দেন। একই সঙ্গে বিরোধী দলনেতার দাবি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে যাবেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে।
বিজেপি বিধায়কদের সম্পর্কে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওনাকে আমি অনুরোধ করব মুখটাকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন। একসপ্তাহের ২৬ জনকে খুন করার পরে কদর্য ভাষায় বলছেন ল্যাংচাতে ল্যাংচাতে রামপুরহাট। উনিতো আসবেন হেলিক্যাপটারে। একটা লোক যদি কলকাতা থেকে রামপুরহাট পৌঁছাতে চান, সকাল সাতটার সময় বেরিয়ে সেখানে পৌঁছান তিনটের সময়। তিনি যদি রাস্তায় কোথাও দাঁড়িয়ে এক কাপ চা জল খান তাকে বলবে ল্যাংচাতে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে।”
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন বৃহস্পতিবার তিনি রামপুরহাট যাচ্ছেন। আর এই নিয়েই মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার বক্তব্য তথ্য প্রমাণ লোপাট করতে রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “উনি আগামীকাল আসছেন যাতে এনআইএ, সিবিআই হলে তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারেন।”

