নন্দীগ্রামের মাটিতে প্রণাম সেরে মনোনয়পত্র জমা দিলেন শুভেন্দু

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ মার্চ: নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী।
হলদিয়ায় আসার আগে নন্দীগ্রামের ভূমিতে প্রণাম করে এলেন শুভেন্দু অধিকারী। আজ সকাল ন’টা নাগাদ তিনি প্রথমে পৌঁছান সোনাচূড়ার সিংহবাহিনী দুর্গা মন্দিরে। সেখানে দেবী দুর্গার পায়ে ফুল দিয়ে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে পরাস্ত করার জন্য আশীর্বাদ নেন। এরপরে সোনাচূড়ার বাজারে থাকা শহিদ বেদীতে মাল্যদান করেন। সেখান থেকে চলে আসেন নন্দীগ্রামে বাজারে থাকা জানকীনাথের মন্দিরে। সেখানে তিনি পুজো করেন। হোমে ঘৃতাহুতি দেন। সেখান থেকে কর্মী সমর্থকদের সঙ্গে রওনা দেন হলদিয়ার উদ্দেশ্যে।

হলদিয়ায় এসে শুভেন্দু অধিকারী মঞ্জুশ্রী মোড়ে একটি পথসভা করেন। সেই পথসভায় তার সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি এবং জাহাজ মন্ত্রী ধর্মেন্দ্র যাদব। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সোনার বাংলা গড়ার আহ্বান জানান। বাম সরকারের ছাপিয়ে যাওয়া ঋণের পরিমাণ তৃণমূল সরকার আরও বাড়িয়েছে। সেই ঋণ থেকে মুক্তি পেতে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার সঙ্গে বেকারদের কর্মসংস্থান, কৃষকদের কৃষক সম্মান নিধি পাইয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। পথসভার পরেই তিনি হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত একটি পদযাত্রা মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে যান। হলদিয়ার এসডিও অফিসে প্রায় ঘন্টা দুয়েক থেকে তিনি মনোনয়নপত্র জমা দেয়ার কাজ সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *