সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ আগস্ট: চোর সন্দেহে গাছে বেঁধে দুই মহিলাকে বেধড়ক মারধর করল এলাকার মহিলারা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গাজিপুর এলাকার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, গোপালনগর থানার গাজিপুরের বাসিন্দা সুশান্ত মণ্ডল ও তাঁর স্ত্রী রিনা বাড়িতে ছিলেন না। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই দুই মহিলা ঘরে ঢুকে পড়ে। তাদের সঙ্গে দুটি বাচ্চাও ছিল। স্থানীয় শ্যামলী মুণ্ডা বলেন, “আমি যাওয়ার পথে দেখি বাড়ির সামনের তালা খুলছে এক মহিলা। আর পাশের বাড়ির একটি ঘরে বাচ্চা নিয়ে বসে আছে আরেক মহিলা। অচেনা লোক তালা খুলছে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেই সে অস্বীকার করে। এরপরই আরও এক প্রতিবেশীর চোখে পড়ে যায় তারা। এরপর গ্রামের লোকেরা খবর পেয়ে ছুটে আসে।” তাদের পরিচয় জানতে চাইলে তারা কোনও সঠিক উত্তর দিতে পারেনি। এরপরই এলাকাবাসীরা জড়ো হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই দুই মহিলা চুরির উদ্দেশ্য নিয়ে গিয়েছিল ওই বাড়িতে। তাদের প্রশ্ন করা হলে কোনও সঠিক উত্তর দিতে পারেনি। আত্মীয় বাড়িতে এসেছে বলে জানালেও কোনও আত্মীয়র নাম বলতে পারেনি। অভিযোগ, এরপরই দুই মহিলাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ গিয়ে ওই দুই মহিলা ও তাদের সঙ্গে থাকা বাচ্চাদের উদ্ধার করে।

