নির্মম! টাকা চুরি সন্দেহে ছেলের এক পা ধরে খোলা ছাদে ঝুলিয়ে রাখল বাবা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: ঘর থেকে টাকা চুরি করেছে ছেলে, এই সন্দেহে খোলা ছাদে এক পা ধরে ঝুলিয়ে রাখল বাবা। শনিবার দুপুরে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার দিঘারী গ্রামে। ওই কিশোরের নাম বিশাল সরকার (১১)। এই ঘটনার পর সরব হয়েছে এলাকার যুবকরা। ওই কিশোরকে উদ্ধার করে অভিযুক্ত বাবা বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয় সূত্রের খবর, আহত কিশোর বিশালের মা’য়ের অনেক দিন আগেই মৃত্যু হয়েছে। সৎ মায়ের কাছেই থাকে বিশাল। বাবা বিশ্বজিৎ চাষাবাদ করেন। এদিন দুপুরে বিশ্বজিৎবাবু বাড়িতে ঢুকে দেখেন তাঁর টাকার ব্যাগে ৫০০ টাকা কম। এরপরই বড় ছেলে বিশালকে রাস্তা থেকে ধরে এনে বাড়ির ছাদে তোলে। এরপর তার এক পা ধরে মাথা নীচের দিক করে প্রায় ২০ মিনিট ঝুলিয়ে রাখে। পাশে সৎ মা তিনিও ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে। ছেলে একাধিকবার কাকতি-মিনতি করলেও বাবা তা শুনতে চায়নি বলে অভিযোগ। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোলাপনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পিঠের অনেক জায়গায় কেটে ছিঁড়ে গিয়েছে, চিকিৎসা চলছে।

এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রা। প্রতিবেশী এক যুবক অরিন্দম মজুমদার বলেন, নাবালক ছেলে সামান্য টাকা নিয়েছে কী নেয়নি, শুধুমাত্র সন্দেহের বসে যে নির্মম ভাবে মারধর করছে তা এই শিক্ষিত জগতে মেনে নেওয়া অসম্ভব। অভিযুক্ত বাবার শাস্তির দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *