রাজেন রায়, কলকাতা, ১৮ আগস্ট: ত্রিপুরাতে ধীরে ধীরে রাজনৈতিক জমি শক্ত করার পথে হাঁটছে তৃণমূল। এমতাবস্থায় ত্রিপুরায় তৃণমূলের মুখ করা হোক সদ্য কংগ্রেস থেকে আসা সুস্মিতা দেবকে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছল এমনই আবেদন। এই আবেদন আনুষ্ঠানিকভাবে কালীঘাটে, দলীয় কার্যালয়ে পাঠিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আশিসলাল সিং।
সুস্মিতা দেব রাহুল গান্ধীর জনপ্রিয় বৃত্তে থাকলেও এমনিতে তিনি উত্তর পূর্বাঞ্চলের পরিচিত মুখ। শিলচর থেকে ৫ বার ও পরে ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে দুবারের সাংসদ ছিলেন সুস্মিতা দেব। সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার পরপরই অসমে বরাক উপত্যকায় সুস্মিতা দেবের অনুগামী অন্তত ৩৫ জন কংগ্রেস ত্যাগ করেছেন বলে খবর। পাশের রাজ্যেও ত্রিপুরায় বাড়তি উৎসাহ তৈরি হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যাকে নিয়ে।
ত্রিপুরায় সংগঠন তৈরির পাশাপশি তাকে নেতৃত্ব দিতে একটা গ্রহণযোগ্য পরিচিত মুখ দরকার তৃণমূলের। যদিও সুস্মিতাকে ত্রিপুরায় দলের মুখ হিসেবেই গুরুত্ব দেওয়া হবে কি না, তা কালীঘাটের সিলমোহরের অপেক্ষায়। তবে যা ঘোষণা করার করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

