কর্ণজোড়ার সূর্যদয় মূক ও বধির হোমে হল ভাইফোঁটার অনুষ্ঠান

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ অক্টোবর: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’, এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আজ সারা বাংলাজুড়ে পালিত হল ভাইফোঁটা উৎসব। ঘরে ঘরে ভাই-বোনেদের সৌভ্রাতৃত্বের চিত্র। এরই মাঝে এক অন্য ছবি ধরা পড়ল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যদয় মূক ও বধির হোমে।

রাজ্য সমাজকল্যণ দফতর পরিচালিত এই হোমে বর্তমানে আবাসিকের সংখ্যা ৩৭। যার মধ্য ২৮ জন বালক ও ৯ জন বালিকা। এরা কেউ কথা বলতে পারে না, কেউ আবার কানে শুনতে পায় না। সারা বছর পরিবার থেকে অনেক দূরে, শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়েই দিন কাটে তাদের। হোমের চার দেওয়ালে বদ্ধ জীবনের মাঝে প্রতিবছর একটা দিন তারা মন খুলে আনন্দ করে। সেটি হল ভাইফোঁটা উৎসব। আবাসিকদের অনেকের পরিবার বলতে কেউই নেই। কারোর আবার থেকেও নেই। ভাইফোঁটা উৎসবে চারিদিকে যখন মঙ্গল ধ্বনির মধ্যে দিয়ে ঘরে ঘরে ভাইদের মঙ্গল কামনায় ব্রতী হয় দিদি ও বোনেরা, তখন তারাই বা বাদ যায় কেন? তাই হোম কর্তৃপক্ষের উদ্যোগে বালক আবাসনে ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। যেখানে সকাল সকাল সেজেগুজে হোমের মেয়েরা আবাসিক ভাইদের কপালে ফোঁটা একে দীর্ঘায়ু কামনা করে। চলে মিষ্টিমুখ। ভাইরাও দিদি বা বোনেদের থকে ফোঁটা পেয়ে বেজায় খুশি।

হোমের আধিকারিক পার্থ সারথি দাস জানান, প্রতিবছরই মানবিক দিক থেকে এই উৎসবের আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ছেলে-মেয়েরা উৎসবে অংশ নিয়ে বেশ উৎসাহিত। তবে ভাইফোঁটা উৎসব উপলক্ষে এদিন হোমের মেনুতেও রয়েছে স্পেশালিটি। থাকছে ইলিশ মাছ, ফ্রাইড রাইস, চাটনি, বোঁদে, নিমকি আরও কত কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *