রাজেন রায়, কলকাতা, ২ মার্চ: একুশের ভোটে তারকারা হয়ে উঠতে পারেন রাজনীতির বড় ফ্যাক্টর। প্রত্যেক রাজনৈতিক দলই একাধিক সেলিব্রিটিদের দলে যোগদান করাচ্ছে। বাদ যাচ্ছে না সিপিএমও। সূত্রের খবর, বুধবার সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। বাম অলিন্দে গুঞ্জন, এবার সিপিএমের প্রার্থী তালিকায় তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আর সিপিএমের চিরাচরিত ট্রেন্ড ভেঙে তালিকায় জায়গা পাচ্ছেন কিছু সেলিব্রিটি তারকারাও। তবে বড় খবর, একুশের ভোটে প্রার্থী হচ্ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তবে গড়বেতার বদলে এবার শালবনী থেকে প্রার্থী হবেন তিনি, এমনটাই খবর সূত্রের। আর সুশান্ত ঘোষের গড় বলে পরিচিত গড়বেতায় এবার প্রার্থী হচ্ছেন তপন বোস। নারায়ণগড় থেকে এবার সূর্যকান্ত মিশ্রের বদলে প্রার্থী হতে পারেন সিপিএমের যুবনেতা তাপস সিনহা। এছাড়া গতবারের ভোটে টালিগঞ্জ থেকে দাঁড়ানো এসএফআই নেত্রী মধুজা সেন রায়কে এবার ঝাড়গ্রামে প্রার্থী করা হতে পারে। পরিবর্তে টালিগঞ্জে এবার সিপিএমের প্রার্থী হচ্ছেন অভিনেতা দেবদূত ঘোষ। এছাড়া ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদেব মিত্র প্রার্থী হতে পারেন বরানগরে।
হাওড়ার বালিতে সিপিএমের প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা এসএফআই-র সর্বভারতীয় নেত্রী দিপ্সিতা ধরের। এছাড়া তালডাঙাংড়ায় অমিয় পাত্র, বাঁকুড়ার রানিবাঁধে দেবলীনা হেমব্রম, দেবপুরে রামেশ্বর দোলুই, মানিকতলায় রুপা বাগচি, বেলেঘাটায় রাজীব বিশ্বাস, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে সৈকত গিরির প্রার্থী হওয়া প্রায় চূড়ান্ত বলে আলিমুদ্দিন সূত্রে খবর। অভিনেতা বাদশা মৈত্রকে কলকাতার কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারেন বলে খবর। তবে তা চূড়ান্ত কিছু নয়।

