সাথী দাস, পুরুলিয়া, ২১ ডিসেম্বর: অবাক কান্ড ঘটল পুরুলিয়ার ঝালদায়। ষাটোর্ধ্ব বৃদ্ধ রাখালকে ‘সরকারি চাকুরিজীবী’ দেখিয়ে আবাস যোজনার তালিকা থেকে বাতিল করলেন তদন্তকারী কর্মীরা। সরকারি কাজে বাড়িতে বসে সার্ভে করতে গিয়েই এই কর্ম বলে ক্ষোভে ফুঁসছে ওই রাখাল সহ গ্রামের মানুষ। ঘটনাটি ঝালদা থানার মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতের মশিনা গ্রামের। ওই গ্রামের ঝাড়ু মাহাতর বর্তমান বয়স ৬৩ বছর।

ঝাড়ু মাহাতো জানান, “আমার নাম ছিল প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায়। কিন্তু পরে জানতে পারি আমাকে সরকারি চাকরিজীবী ও ১০ হাজার টাকার বেশি বেতনের সরকারি কর্মচারী দেখিয়ে আমার নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। তাই আমার সরকারের কাছে আবেদন আমার আর বাড়ি চাই না। তবে আমি কোথায় চাকরি করি সেটা আমাকে দেখিয়ে দিক।” ওই বৃদ্ধ রাখল আক্ষেপের সঙ্গে বলেন, “আমার কাঁচা বাড়ি, নিরক্ষর মানুষ। মাঠে গরু চরাই ও চাষ বাসই আমার জীবিকা।” তাঁর দাবি, পরিবারে ছয় সদস্য। তাঁরা কেও এখনও বাড়ি পায়নি।
যদিও বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য ভবতারণ মাহাতো জানান, “যারা সার্ভে করেছেন সঠিক করেননি। বাড়িতে বসেই কাজ করেছেন। তাই এই সব কান্ড ঘটছে। শুধু ঝাড়ু মাহাতো নয়, আমার এলাকার নায়ক পাড়াতেও অনেক বাড়ি বাদ গেছে তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিডিওকে জানাবো।”।

জানা গিয়েছে, পেশায় রাখল ওই বৃদ্ধের বাড়িতে এসে কয়েক বছর আগে জিও ট্যাগ করে গিয়েছিলেন ব্লকের কর্মীরা। তার পর থেকে জরাজীর্ণ বাড়িতেই আশায় রয়েছেন ওই বৃদ্ধ। কিন্তু শেষ পর্যন্ত আশা ক্রমশঃ নিরাশায় পরিণত হয়েছে।

