ব্যাপক শোরগোল! করোনা রোগীদের নিয়ে সূর্যকান্তের পোস্ট করা ভিডিওতে বিতর্কের ঝড়

আমাদের ভারত, ২৫ জুলাই:সারাদেশের মতো রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বিপদজনক চেহারা নিচ্ছে পরিস্থিতি। প্রথম থেকেই করোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে আসছে বামেরা। এবার সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্তের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাপক অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে করোনো আক্রান্ত রোগীদের। দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের খাবার। সূর্যকান্ত মিশ্রের আপলোড করা ওই ভিডিওটি জলপাইগুড়ি রানীনগর এলাকার বলে দাবি করা হচ্ছে।এই চরম অব্যবস্থাপনার ভিডিও তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

করোনা সংক্রমণ ছড়িয়ে পরার শুরু থেকে রাজ্য প্রশাসনকে বারবার কাঠগড়ায় তুলে এসেছে বাম, বিজেপি, কংগ্রেস সহ সব বিরোধীরা। অভিযোগ উঠেছে বাংলায় প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যার তথ্য গোপন করছে সরকার। প্রয়োজনের তুলনায় রাজ্যে কম করোনা পরীক্ষা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বাম নেতারা। তবে বিরোধীদের এই অভিযোগে আমল দেয়নি মুখ্যমন্ত্রী।

কিন্তু সূর্যকান্ত মিশ্রের পোস্ট করা এই ভিডিওতে শোরগোল পড়ে গেছে। জলপাইগুড়ি জেলার সেফ হোমের ভিডিও ভাইরাল করা নিয়ে পাল্টা আক্রমণ করেছে শাসকদলও। একজন চিকিৎসা হয় করোনা রোগীদের পরিচয় প্রকাশ্যে আনছেন বলে পাল্টা আক্রমণ করা হয়েছে সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধেও। রাজ্য সরকারকে অপদস্থ করতে এই কান্ড করছে সিপিএম বলে অভিযোগ করা হয়েছে।

শাসক দলের তরফে আরও বলা হয়েছে, আসলে রাম-বাম এখন এক হয়ে গিয়েছে। বিজেপির হাত শক্ত করতে এই কাজ করছে সিপিএম। অভিযোগ অস্বীকার করে ওই ঘটনায় অফিসার অন স্পেশাল ডিউটির ডাক্তার সুশান্ত রায় জানিয়েছেন, “আমরা অ্যাকোয়াগার্ডের জল দিয়ে থাকি, তাছাড়া যে খাবার দেওয়া হয় তা আমাদের হেলথ অফিসার ডায়েটিশিয়ান রেকোমেন্ড করা খাবারই দেওয়া হয়। তার দাবি যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে করোনার বিরুদ্ধে পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের মনোবল ভেঙে দিতেই চক্রান্ত চলছে।

https://www.facebook.com/1541882679462749/posts/2744320279218977/?app=fbl

সূর্যকান্ত মিশ্রের পোস্ট করা ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে জলপাইগুড়ি রানীনগরের সেফ হোমের এই ভিডিও প্রশাসন ও শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে বলে মত নেটিজেনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *