আমাদের ভারত, হাওড়া, ২০ আগস্ট: উলুবেড়িয়া পুরসভার প্রশাসক মন্ডলীর নতুন ভাইস চেয়ারপার্সন হলেন পুরসভার ৩ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুরজিৎ দাস। এর পাশাপাশি প্রশাসক মন্ডলীতে পুরসভার ৫ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আশা চৌধুরী ও ৩১ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ইনামুর রহমানকেও আনা হয়েছে।
৩২টি ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পুরসভার মেয়াদ শেষে ৫ সদস্যের প্রশাসক মন্ডলী তৈরী করা হয়। পুরসভার বিদায়ী চেয়ারম্যান অভয় দাসকে প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও প্রশাসক মন্ডলীতে ২৪ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আব্বাস উদ্দিন খান, ৩ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুরজিৎ দাস, ৯ ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রীতা ব্যানার্জি ও ৩২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আকবর শেখকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। যদিও বিধানসভা নির্বাচনের আগে ২৪ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আব্বাস উদ্দিন খান তৃণমূল ছেড়ে
আইএসএফে যোগ দেয় এবং বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, প্রশাসক মন্ডলীর সদস্য সুরজিৎ দাসকে স্বাস্থ্য, আকবর শেখকে জল, রীতা ব্যানার্জিকে শিক্ষা ও ক্রীড়া, ইনামুর রহমানকে স্যানিটাইজেশন এবং আশা চৌধুরীকে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান, পুর এলাকার নাগরিকদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রশাসক মন্ডলীর সদস্য সংখ্যা বাড়ানো হল।

