গননা কয়েক সপ্তাহ পিছিয়ে দিলে আকাশ ভেঙে পড়বে না: নির্বাচন কমিশনকে কটাক্ষ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১ মে:রবিবার উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের গণনা। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে সেই গণনা পিছিয়ে দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট। কোভিড পরিস্থিতিতে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনকে ভর্ৎসনা করেছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও গণনাকেন্দ্রে কড়া ভাবে কোভিড বিধি মানা হবে কমিশনের তরফে আশ্বস্ত করার পরে গণনার অনুমতি দিয়েছে।

উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে গণনার স্থগিতের জন্য আবেদন করেছিল সে রাজ্যের শিক্ষক সংগঠন। তারা দাবি করেছিল চার দফার ভোট গ্রহণে মৃত্যু হয়েছে ভোটের দায়িত্বে থাকা ৭০০ শিক্ষকের। এই আর্জির প্রেক্ষিতে গণনা পিছিয়ে দেওয়া যায় কিনা তা কমিশনের কাছে সুপ্রিমকোর্ট জানতে চেয়েছিল। তা সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তাতে শনিবার সুপ্রিমকোর্ট কমিশনকে বলে “এই মুহূর্তে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তারমধ্যে আপনারা গণনা করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই- তিন সপ্তাহ পর আপনারা গণনা করতে পারতেন না, এই সময়ের মধ্যে রাজ্যের চিকিৎসার পরিষেবা একটু উন্নত করা সম্ভব হতো। সুপ্রিম কোর্ট বলেছে সব রকম সমস্যার পরেও আপনারা এগিয়ে গিয়েছেন। ভোট গণনা তিন সপ্তাহ পিছিয়ে গেলে কারো মাথায় আকাশ ভেঙে পড়বে না। ”

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনের তরফে বলা হয়, সেটা সম্ভব না। ” আমরা এর মধ্যেই গণনার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। সব রকম কোভিড সুরক্ষা বিধি মেনে চলা হবে। ” কমিশনের তরফ এই আশ্বাস পেয়ে গণনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *