আমাদের ভারত, ১৯ জুলাই: তার গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়া হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। অবশেষে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন তিনি। মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ১০ আগস্ট পর্যন্ত কোনো মামলায় তাকে গ্রেফতার করা যাবে না।
বিজেপির এই প্রাক্তন নেত্রী দাবি করেছিলেন, তার প্রাণের আশঙ্কা রয়েছে। সেই দাবিকেই এদিন বিশেষ গুরুত্ব দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জেপি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ। এই ইস্যুতে যদি আগামী কয়েক দিনের মধ্যে আরও কোনো এফআইআর দায়ের হয় সেক্ষেত্রেও সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিচারপতি।
এর আগে গত ১ জুলাই মামলা থেকে সুরক্ষা দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। সেই সময় খারিজ হয়েছিল নেত্রীর আর্জি। এরপর ফের আদালতে আবেদন করেন নূপুর শর্মা। তার আইনজীবী সেই ভর্ৎসনার কথা উল্লেখ করেই নূপুর শর্মার প্রাণ সংশয় অবস্থায় রয়েছে বলে দাবি করেন। সেই দাবি মেনে নিয়ে এবার ডিভিশন বেঞ্চ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নোটিশ দিয়েছে, যাতে নূপুর শর্মার প্রাণ সংশয় না হয় তেমন নিরাপত্তা যেনো তাকে দেওয়া হয়।
এর আগে সুপ্রিম কোর্টে নূপুর শর্মাকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতির জেবি পর্দিওয়ালা ও বিচারপতি সূর্যকান্ত। নেত্রীর আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেছিল আপনার মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিতর্কিত মন্তব্যের জেরে দেশের একাধিক রাজ্যে দায়ের হয়েছে এফআইআর। আদালতের এই মন্তব্যের কথা উল্লেখ করে এবং নিরাপত্তার আবেদন করেন নূপুরের আইনজীবী। নেত্রীকে যেভাবে ভর্ৎসনা করা হয়েছিল তাতে প্রাণ সংশয় আরো বেড়ে গিয়েছে বলে অভিযোগ করেন আইনজীবীর। কলকাতায় তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে বলে উল্লেখ করেছেন আইনজীবী মনিন্দর সিং। বেশ কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে তার বিরুদ্ধে। এর পরেই সম্ভাব্য গ্রেফতারি স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মা।

